মোবাইলের তুলনায় ইন্টারনেট সংযোগ বেড়েছে দ্বিগুণ

২৭ জুলাই, ২০১৯ ০০:৫৩  
এক মাসের ব্যবধানে দেশে মোবাইলের তুলনায় ইন্টারনেট ব্যবহার বেড়েছে প্রায় দ্বিগুণ। গত জুন মাসে দেশে মোবাইল গ্রাহক বেড়েছে ৯ লাখ ৪৩ হাজার। অন্যদিকে একই সময়ে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ১৭ লাখ ৫৪ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, জুন মাস শেষে দেশে মোট কার্যকর মোবাইল গ্রাহকের সংখ্যা ১৬ কোটি ১৭ লাখ ৭২ হাজার। অপরদিকে একইসময়ে কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে নয় কোটি ৬১ লাখ ৯৯ হাজার। গ্রামীণ ফোনের বেড়েছে ৫ লাখ ৪৯ হাজার, রবির বেড়েছে ২ লাখ ৪৯ হাজার, বাংলাংলিংকের বেড়েছে এক লাখ ২৮ হাজার এবং রাষ্ট্রায়ত্ব টেলিকম অপারেটর টেলিটকের গ্রহাক বেড়েছে মাত্র ১৮ হাজার। অপরদিকে জুন মাসে দেশে ১৭ লাখ ৫৪ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে। সক্রিয় মোট ইন্টারনেট সংযোগের ৯৩ দশমিক ৯৮ শতাংশ মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। দেশের মোট ইন্টারনেট সংযোগের ৫ দশমিক ৯৬ শতাংশ ব্রডব্যান্ড সংযোগ। আর বন্ধ হতে চলা ওয়াইম্যাক্সের সংযোগের পরিমাণ দশমিক শূন্য তিন শতাংশ। আর মোবাইল অপারেটরদের মধ্যে জুন মাসের শেষে গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ বেড়ে হয়েছে ৭ লাখ ৫৩ হাজার। অন্য তিন অপারেটরও কিছু কিছু করে সংযোগ পেয়েছে। জুন মাসের শেষে রবির কার্যকর সংযোগ আছে চার কোটি ৭৯ লাখ ৩৯ হাজার, বাংলালিংক আছে তিন কোটি ৪৬ লাখ ৬৭ হাজারে এবং টেলিটক আছে ৩৮ লাখ ৩৬ লাখে। বিটিআরসি’র মাসিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কার্যকর ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে ৪৮ লাখ ৫১ হাজার। জুন মাসে কার্যকর মোবাইল সংযোগ ৯ লাখ ৪৩ হাজার বৃদ্ধি পেয়ে ১৬ কোটি ১৭ লাখ ৭২ হাজারে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, ২০১৮ সালের প্রথম ছয় মাসে অবশ্য কার্যকর ইন্টারনেট বৃদ্ধি পেয়েছিল ৭৩ লাখ সাত হাজার। সেই তুলনায় চলতি বছরে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির হার ৩৩ দশমিক ৬১ শতাংশ কমেছে। আর ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসেও বেড়েছিল ৬৭ লাখ ২৪ হাজার সংযোগ।